ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ আখ্যা দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মোদিকে বাংলাদেশে আনা হলে দেশের মানুষকে অপমান করা হবে। তার হাতে গণমানুষ বিশেষ করে মুসলমানের রক্ত লেগে আছে।’
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতে চলমান সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে সহিংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতে যে সাম্প্রদায়িক বিভাজন চলছে, তার প্রভাব যেন আমাদের দেশে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একজন হিন্দু কিংবা মুসলিম কাউকে কটূক্তি করে কখনই নিজ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা বলেছি ভারতের চেয়ে বাংলাদেশ অনেক দিকে এগিয়ে। ভারতে মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে। তাদের তুলনায় আমাদের মানুষ অনেক সভ্য। ভারতের রাজনীতিকদের প্রতি আহ্বান জানাই আপনারা আমাদের থেকে শিখুন। অন্ধ শোষণের নীতি বাদ দিয়ে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখুন।’
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
