কক্সবাজারে ৯৭ ইয়াবা কারবারির বিচার শুরু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৩ এএম

কক্সবাজারে প্রথম দফায় আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারির মধ্যে ৯৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।

আদালতের পিপি ফরিদুল আলম জানান, টেকনাফে প্রথম দফায় যে ১০২ জন আত্মসমর্পণ করেছিলেন, তাদের মধ্যে ৯৭ জনকে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। কারাবন্দি মোহাম্মদ রাসেলের মৃত্যু হয়েছে। আর বাকি চারজন অসুস্থ থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি। অনুপস্থিত চারজনের বিরুদ্ধে পরবর্তী সময়ে বিচারিক হাকিম অভিযোগ গঠনের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি শামীম আরা স্বপ্না, মো. জাহাঙ্গীর আলম ও মো. মহিউদ্দিন। গত বছর ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তালিকাভুক্ত ১০২ ইয়াবা কারবারি। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত