মানববন্ধনে ডা. জাফরুল্লাহ

মুজিববর্ষে মোদিকে আমন্ত্রণ বঙ্গবন্ধুকে অপমান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৭ এএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধান বক্তা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো শেখ মুজিবুর রহমানকে অপমান করা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কীভাবে মোদির মতো ঘৃণ্য ব্যক্তিকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করে আমি বুঝি না! মোদিকে আমন্ত্রণ করা মানে শেখ মুজিবকে অপমান করা। শেখ মুজিবের প্রতি অসম্মান প্রদর্শন, আমরা মেনে নিতে পারি না। আমরা আশা করছি, আমাদের প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ প্রত্যাহার করে নেবেন। না করলে এ দেশের জনগণ বাধ্য হবে “নরেন্দ্র মোদি ফিরে যাও” আন্দোলন করতে।’

সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের দিল্লিতে চলমান সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী মোদিকে মানবতার শত্রু বলে আখ্যায়িত করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘হিটলারের উত্তরসূরি হলো এ যুগের ইবলিশ অমিত শাহ। অমিত শাহ ও নরেন্দ্র মোদি মিলে নাগরিক অধিকার আইনের নামে অযৌক্তিক অন্যায় করেছে। এতে ভারতের কিছু লোক প্রতিবাদে সরব হয়েছে। আমরা ভারতের জ্ঞানী মানুষদের ওপর আস্থা রাখতে চাই।’

মোদি ও অমিত শাহের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এ শয়তান এবং হিটলারের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। এরা ভারতকে ধ্বংস করে মানবতাকে অগ্নিসংযোগ করছে।’

কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আসাদ খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ফরিদউদ্দিন, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত