সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। স্বভাবতই এই ম্যাচে সবার নজর থাকছে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দিকে। সেই বিশ্বকাপের পর খেলায় ফিরছেন তিনি। তবে একাদশ নিয়েও ভাবনাটা কম নয়। টাইগারদের সবশেষ ওয়ানডে খেলা একাদশে দেখা যাবে অনেক পরিবর্তন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুর ১টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে মাশরাফীর পাশাপাশি নজরে থাকছেন মুশফিকুর রহিমও। সিরিজের একমাত্র টেস্টে অপরাজিত থেকে দুইশো ছাড়ানো ইনিংস খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান নৈপুণ্য ধরে রাখতে পারেন ওয়ানডেতেও।
গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ওয়ানডে দলে থাকা বেশ কয়েকজন সদস্য জিম্বাবুয়ের বিপক্ষে দলে নেই। তারা হলেন- এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রুবেল হোসেন। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন মাশরাফী, সাইফউদ্দিন ও লিটন দাস।
ওয়ানডেতে অভিষেক হতে পারে টেস্টে এরই মধ্যে নৈপুণ্যের পরিচয় দেওয়া তরুণ অফস্পিনার মোহাম্মদ নাঈমের। বোলিং আক্রমণে বাংলাদেশ দলের অন্য বিকল্পগুলোর মধ্যে আছে তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান
