যশোরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ০১ মার্চ ২০২০, ১১:৩৩ এএম

যশোরের শানতলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী তানিয়া (২৫) ও হাসান (৩৮) নামে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শানতলায় সিএনজিটি দাঁড়িয়েছিল। যাত্রীরা ভেতরে বসা অবস্থায় ঝিনাইদহমুখী একটি ট্রাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ছিটকে রাস্তার ধারে একটি গাছে আছড়ে পড়ে।

ঘটনাস্থলে তানিয়া ও হাসান মারা যান। আহত হন প্রতীক (৪০), নজরুল (৫০) ও মনোয়ারা (২৪) নামে তিনজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এনাম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা যান। আহত প্রতীক ও নজরুলের অবস্থা শঙ্কামুক্ত নয়।

অপরদিকে, সার্জারি চিকিৎসক অজয় সরকার জানান, আহত মনোয়ারার মাথার আঘাত গুরুতর। তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহত তানিয়া ব্র্যাক ব্যাংক যশোরের চুড়ামনকাটি শাখায় ক্যাশিয়ার এবং মনোয়ারা মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নিহত হাসান যশোর সদরের দৌলতদিহি এলাকার আতিয়ার রহমানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত