বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ

ঢাকায় বিএনপির মানববন্ধন এক দিন পিছিয়ে কাল

আপডেট : ০২ মার্চ ২০২০, ০১:৩৭ এএম

বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির ডাকা আজকের মানববন্ধন কর্মসূচি সারা দেশের সব জেলা সদর ও মহানগরে অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় এ কর্মসূচি আজকের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার পালিত হবে। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। গতকাল রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি এক দিন পিছিয়ে দিতে বলেছে। এ কারণে সারা দেশে আজ সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হবে মঙ্গলবার।

এদিকে হাইকোর্টে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর ঢাকার থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মহানগর উত্তর বিএনপি রাজধানীর রামপুরা, শাহ আলী, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, কাফরুল, খিলক্ষেত, উত্তরা, তুরাগ, দক্ষিণখান থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত