বড় জয় দিয়ে মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের মিশন শুরু করেছে এফসি উত্তরবঙ্গ। সোমবার আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে দলটি।
কলমাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটিতে উত্তরবঙ্গের হয়ে সর্বাধিক ৪ গোল করেছেন সুলতানা। এ ছাড়া রেখা ২টি ও মালিনা ১ গোল করেন।
মেয়েদের এই লিগে সাত দলের মধ্যে বসুন্ধরা কিংস বাদে অন্য দলগুলো একেবারেই নখদন্তহীন। তবে এফসি উত্তরবঙ্গকে শুরু থেকেই গোনায় ধরা হচ্ছিল। সেই সঙ্গে নাসরিন স্পোর্টিং ক্লাবকেও দেখা হচ্ছে সমীহর চোখে। এই দুই দলেই রয়েছে জাতীয় দল ও বয়সভিত্তিক জাতীয় দলের কিছু তারকা।
তবে প্রথম রাউন্ডে নাসরিস স্পোর্টিং ক্লাব স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে ১২-০ গোলে হারালেও এদিন গোল উৎসব করতে পারেনি।
একই মাঠে দিনের প্রথম ম্যাচে দলটি বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ২-০ গোলে। বেগম আনোয়ারা প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে হজম করেছিল ১২ গোল।
নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে এদিন গোল দুটি করেছেন উন্নতি খাতুন ও রাজিয়া খাতুন।
