এনভয় টেক্সটাইলের অগ্রাধিকার শেয়ারের অনুমোদন

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০১:৩২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৮৭ কোটি টাকার অগ্রাধিকার শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এটি পূর্ণ অবসায়নযোগ্য, অরূপান্তরিত ও ক্রমযোজিত (কিউমুলেটিভ) অগ্রাধিকার শেয়ার। এই শেয়ারটির মেয়াদ হবে পাঁচ বছর। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এনভয় টেক্সটাইলস অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ ও উচ্চ হারের ঋণ পরিশোধ করবে। এই শেয়ারটির বৈশিষ্ট্য হচ্ছে অরূপান্তরিত, পূর্ণ অবসায়নযোগ্য, অতালিকাভুক্ত ও ক্রমযোজিত অগ্রাধিকার শেয়ার, যা পাঁচ বছরে পূর্ণ অবসায়ন হবে। এই শেয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এই শেয়ারের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা ও যোগ্য বিনিয়োগকারীদের জন্য ৫০ লাখ টাকা। এই অগ্রাধিকার শেয়ারের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত