চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবারও রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন নাসির উদ্দীন (৫২) ও আবদুর রহিম (৫০) নামে দুই গরু ব্যবসায়ী। তাদের কাছ থেকে লুট করা হয়েছে ২ লক্ষাধিক টাকা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গোয়ালবাড়ী গ্রামের নাসির উদ্দীন ও পার্শ্ববর্তী রোয়াকুলি গ্রামের আবদুর রহিমসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ডুগডুগি পশুহাটে গরু বিক্রি করে নিজ গ্রামে ফিরছিলেন।
রাত ৮টার দিকে জেহালা ইউনিয়নের গোয়ালবাড়ী এলাকায় পৌঁছলে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুই গরু ব্যবসায়ীকে।
