ইমরান খানের সাথে ড্যারেন সামি-আমলার সাক্ষাৎ

আপডেট : ০৫ মার্চ ২০২০, ১০:৫১ এএম

এক সময়ের তারকা ক্রিকেটার বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সুপার লিগের দল পেশওয়ার জালমির অধিনায়ক ড্যারেন সামি ও ব্যাটিং মেন্টর হাশিম আমলা।

বুধবার ইসলামাবাদে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক সামিকে অভিনন্দন জানান ইমরান। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ক্যারিবীয় এই ক্রিকেটার অনেক ভূমিকা রাখায় তার উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

হাশিম আমলাকে স্বাগত জানিয়ে ইমরান জানান, পুরো পাকিস্তান সুপার লিগ এবার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়ায় তিনি খুব খুশি।

পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইমরান বলেন, “জনগণও খুশি। উৎফুল্ল সমর্থকে স্টেডিয়াম বড়ে যাওয়া দেখাটা খুবই উৎসাহদায়ক। পাকিস্তান থেকে বিশ্বে আমরা একটা ইতিবাচক বার্তা দেব।”

ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ইমরানের সঙ্গে দেখা করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, অস্ট্রেলিয়ার সাবেক তারকা গ্রেগ চ্যাপেল ও শেন ওয়াটনসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত