জম্মুতে করোনা সন্দেহে ২ জন হাসপাতালে

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৫:১১ পিএম

ভারতের জম্মু শহরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতালি-ফেরত দুই ব্যক্তি। তারা নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, একবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ‘পালিয়ে গেলে’ আবার তাদের ধরে এনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

এই ঘটনার পর জম্মু ও সাম্বা জেলার সব প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা।

নবগঠিত কেন্দ্রশাসিত কাশ্মীরের প্রধান সচিব (পরিকল্পনা) রোহিত কানসাল বলেন, ‘ওই দুজন সম্প্রতি বিদেশ থেকে ভারতে ফেরেন। তারা আছেন জম্মুর জিএমসি হাসপাতালে।’

সার্বিক পরিস্থিতি জানাতে গিয়ে রোহিত বলেন, ‘সব প্রটোকল মেনে দুজনকে জিএমসি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত জম্মু আর সাম্বায় বায়োমেট্রিক হাজিরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ওই দিন পর্যন্ত জম্মু ও সাম্বার সব প্রাথমিক স্কুল বন্ধ রাখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত