সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অতিথিদের সফরসূচি বাতিল হয়নি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৪:২৬ এএম

করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশিদের কারও সফরসূচি এখনো বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল শনিবার সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস সারা বিশ্বে বড় রকমের আতঙ্কের সৃষ্টি করেছে। তবে এ ভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কেউ এখনো সফরসূচি বাতিল করেননি। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়তে পারে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ। আমরা সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত সব অতিথি আসবেন বলে আশা করছি।  

পররাষ্ট্রমন্ত্রী পরে নগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের ২০ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু একজন বিশ্বনন্দিত নেতা। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তার জন্যই আমরা এগিয়ে যেতে পারছি। বাংলাদেশ এখন দ্রুতই উন্নতি করছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত