করোনাভাইরাস ঠেকাতে ‘নমস্তে’র পরামর্শ মোদির

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৮:৩৭ এএম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার বলেছিলেন, নরেন্দ্র মোদি সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ- অর্থনীতির ঝিমুনি কাটানো, গোষ্ঠীগত সহিংসতা বন্ধ করা ও করোনাভাইরাসের সংক্রমণ রোধ। এর পরদিনই এক অনুষ্ঠানে মোদি করোনাভাইরাস প্রতিরোধের পথ বাতলে দিলেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়ে দিলেন, কীভাবে হাঁচি দেওয়া উচিত, কখন চিকিৎসকের যেতে হবে বা কীভাবে হাত ধুতে হবে। মোদি বলেন, ‘‘করোনা নিয়ে ভয় পাবেন না। গুজবে কান দেবেন না। সচেতনতা গড়ে তুলুন।’’

সংক্রমণ এড়াতে করমর্দনের বদলে নমস্কার করার পরামর্শ দিয়েছেন মোদি। কিছুদিন আগে একই ধরনের পরামর্শ ইসরায়েলিদের দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

মোদি বেশ সরসভাবে বলেন, ‘‘নমস্তের অভ্যাস চলে গিয়ে থাকলে এই সুযোগে ঝালিয়ে নিন।’’

এ দিকে করোনা-উদ্বেগের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে কিছু ওষুধ, স্যানিটাইজারের জোগানে টান পড়েছে। চড়া দামে ‘মাস্ক’ বিক্রির অভিযোগ উঠছে। সে সবের জবাব না-দিয়ে মোদির এই হাঁচি-কাশি ঠেকানোর পরামর্শে প্রশ্ন উঠেছে।

ইতিমধ্যে ভারতে ৩৪ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ ছাড়া করোনা-সন্দেহে ২৯ হাজার জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত