অস্ত্র মামলার পর মাদক মামলায়ও যুবলীগ নামধারী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) জামিন প্রত্যাহার (রিকল) করে আদেশ দিয়েছে হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আবেদনে রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর যুগ্ম-বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রুপা।
এর আগে অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন প্রত্যাহার (রিকল) করে আদেশ দেয় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যুগ্ম-বেঞ্চ।
অস্ত্র ও মাদক মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন জি কে শামীম। এক মাস আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দুই মামলায় হাইকোর্টের দুটি বেঞ্চ থেকে জামিন পেলেও বিষয়টি জানাজানি হয় শনিবার।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তারা সব আইনি পন্থা অবলম্বন করেই দুই মামলায় জি কে শামীমকে জামিন করিয়েছেন। জামিনের আদেশের অনুলিপি ও বেইল বন্ড সংশ্লিষ্ট বিচারিক আদালতে দাখিল করা হলেও অন্য মামলায় জি কে শামীম কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। জামিন যদি হয়েও থাকে কখন কীভাবে হয়েছে তা তাদের জানা নেই। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী বলেন, মামলার কার্যতালিকায় আসামির নাম গোলাম কিবরিয়া লেখা থাকলেও জি কে কিংবা শামীম শব্দটি না থাকায় তারা বিভ্রান্ত হয়েছেন।
গত বছরের ২০ সেপ্টেম্বর দেহরক্ষীসহ রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা হয়। ইতিমধ্যে অস্ত্র ও মাদকের মামলায় সংশ্লিষ্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
