স্বামী আইসিইউতে, সংবাদ সম্মেলনে স্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৮:০৮ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছোট পাইকুড়া গ্রামের হাফেজ শওকত হুসাইনের ওপর তাজুল-দেলোয়ার বাহিনীর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ছয় দিন পার হলেও জ্ঞান ফেরেনি শওকতের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শওকত। এ ঘটনায় থানায় মামলা হলেও একজন আসামিও ধরা পড়েনি।

তাজুল-দেলোয়ার বাহিনীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার দুপুরে মোহনগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন শওকত হুসাইনের স্ত্রী ও তার পরিবার।

হাফেজ শওকতের স্ত্রী রিমা জানান, গত ২ মার্চ মোহনগঞ্জের বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে হাফেজ শওকত হুসাইনকে জমি সংক্রান্ত জেরে একই এলাকার সাদেকুর রহমানের ছেলে দেলোয়ার ও তার ভাই তাজুল বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। তার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার ছয় দিন পার হলেও এখনো তার জ্ঞান ফেরেনি।

রিমা আক্তার আরও বলেন, এ বিষয়ে মোহনগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, আসামিদের ধরতে অভিযান পরিচালিত হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত