বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরে না এলে নারীদের অধিকার ফিরে পাওয়া যাবে না। কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রও মুক্তি পাবে না। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র্যালি উদ্বোধনের আগে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব।
সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দল নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, আজকের দিনে শপথ নিতে হবে আন্তর্জাতিক নারী দিবসে শুধু নারীর অধিকার আদায়ের জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করতে হবে। গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীর অধিকার থাকবে না। বাংলাদেশে সেটিই প্রমাণিত হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক নারী দিবস অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ দিন হওয়া উচিত। মহিলাদের যে অধিকার, তাদের যে উন্নয়ন, তাদের যে ক্ষমতায়ন এ বিষয়গুলোর জন্য দীর্ঘকাল ধরে আন্দোলন হয়েছে। একদিনে এটি আসেনি। আজকে সারা বিশ্বের নারীাদের যতটুকু প্রাপ্তি এসেছে এটা কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যখন আপনারা আন্তর্জাতিক নারী দিবস পালন করছেন, তখনই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি এ দেশের নারীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে নারী শিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করেছেন তা হলো নারীদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন। তিনি বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে গণতন্ত্রের মা দেশনেত্রীকে মুক্ত করতে হবে। সে সঙ্গে সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ তৈরি করার জন্য নারীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি দেশের নারীরা অত্যন্ত নিষ্ঠাবান, পরিবারগুলোকে তারাই ধরে রাখেন, তারাই পরিবারের জন্য নিরলসভাবে কাজ করে যান।
র্যালির নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। র্যালিতে অংশ নেন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
