মুজিববর্ষের ক্রিকেট ম্যাচ অনিশ্চিত

আপডেট : ০৯ মার্চ ২০২০, ১১:৪৯ পিএম

তাহলে কি বাতিল হয়ে যাচ্ছে মুজিব শতবর্ষ উপলক্ষে পরিকল্পিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি? দেশে একদিন আগে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর রাষ্ট্রীয় বিভিন্ন নির্ধারিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে যেতে শুরু করেছে। খেলায়ও পড়তে যাচ্ছে তার প্রভাব।

খোঁজ নিতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে এক বক্তব্য এবং অনানুষ্ঠানিভাবে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। অফিশিয়াল বক্তব্য হলো, ২১, ২২ মার্চ বিশ্ব তারকাদের নিয়ে অনুষ্ঠেয় ম্যাচ দুটির পরিকল্পনা বাতিল হয়নি। প্রস্তুতি বন্ধ করারও কিছু নেই। এমনকি রবিবার ঘোষণা দেওয়া হয়, এ আর রহমানের কনসার্ট হবে ১৮ মার্চ। সেটা বাতিল হওয়ার আনুষ্ঠানিক বক্তব্যও মেলেনি। তবে বিসিবির শীর্ষ এক কর্তা জানিয়েছেন, এ বিষয়ে সরকারের পরামর্শ ও নির্দেশনা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে, বোর্ডের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সতর্কতা হিসেবে ম্যাচ দুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া ছাড়া শেষ পর্যন্ত কিছু করার থাকবে না। ঘোষণাও এসে যেতে পারে শিগগিরই। কনাসার্টের ব্যাপারেও একই কথা।

বর্তমান বিশ্বের এই অবস্থায় বিভিন্ন খেলা ও টুর্নামেন্টে একে একে বাতিল হতে শুরু করেছে। চ্যারিটি ম্যাচের জন্য এমন নাজুক একটা সময়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা শেষে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। তাছাড়া এমন ম্যাচে যেহেতু স্টেডিয়াম পূর্ণ দর্শকের উপস্থিতি অনুমিত তাই এমন গণজমায়েতের ধারণা থেকে এই সময়ে সরে আসাই মঙ্গলজনক। এমনকি এপ্রিলের শুরুতে পাকিস্তান সফরে একটি ওয়ানডে ও সিরিজের শেষ টেস্ট খেলতে যাওয়া ঠিক হবে কি না তাও আছে আলোচনায়।

গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়ে গেল জিম্বাবুয়ে ও বাংলাদেশের ২ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রথমটি। বুথ থেকে গুচ্ছ টিকিট বিক্রির বদলে একেকজনকে একেকটা টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও সেটা তেমন কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত বলে প্রমাণিত হয়নি। ৪/৫ হাজার দর্শক খেলা দেখেছেন মাঠে বসে। টিকিট বিক্রি বন্ধ করে খালি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত করার সিদ্ধান্তটা নেওয়া যায়নি নানা বিবেচনায়। আগামীকাল দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। প্রথমটির মতো বুথ থেকে একজনকে এক টিকিট বিক্রির সিদ্ধান্ত কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত