অ্যাডিলেড স্মরণ করে মাশরাফী লিখলেন, ‘স্বপ্নকে তাড়া করো’

আপডেট : ১০ মার্চ ২০২০, ১২:৩০ এএম

৯ মার্চ, ২০১৫। অ্যাডিলেড ওভাল। মনে কী পড়ে সেই দিনটির কথা?

হ্যাঁ, বাংলাদেশের ‘স্বপ্নের বিশ্বকাপে’ স্বপ্নের মতো এক জয় ধরা দিয়েছিল সেদিন। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে টাইগাররা হারিয়েছিল ১৫ রানে। যে জয় টাইগারদের নিয়ে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। বিদায় ঘণ্টা বাজে ইংল্যান্ডের।

স্বপ্নের সেই জয়ের ৫ বছর পূর্তি ছিল সোমবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির ব্যস্ততায় ক্রিকেট প্রেমীদের অনেকেই হয়তো ভুলেই গিয়েছিলেন দিনটির কথা।

তবে ভোলেননি সেদিন যার নেতৃত্বে এসেছিল জয়টা, সেই মাশরাফী বিন মোর্ত্তজা। স্বপ্নের সেই দিনটির কথা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের পেজে মাশরাফী অনুপ্রেরণাদায়ী কিছু কথা লিখেছেন ভক্তদের উদ্দেশ্যে।

ইংল্যান্ড বধের পর টাইগারদের উল্লাসের ছবির সঙ্গে নিজের অটোগ্রাফের ছবি জুড়ে দিয়েছেন মাশরাফী। অটোগ্রাফের আগে মাশরাফী লিখেছেন, ‘স্বপ্ন যদি থাকে সেটাকে তাড়া করো। হয়তো বা হবে হয়তো বা না। কিন্তু পরে নিজেকে প্রশ্ন করে যেন মনে না হয়, আমি হেরে গেছি, কারণ আমি চেষ্টা করিনি।’

এ ছাড়া ইংরেজিতে ছবির ক্যাপশনে যা লিখেছেন মাশরাফী, তার অর্থ- ‘নড়াইল থেকে অ্যাডিলেড: আমাকে শুধু একটা জিনিসই তাড়া করছিল। ‘‘স্বপ্নকে তাড়া করো, কখনো হাল ছেড়ো না।’’

মাশরাফী আরো লেখেন, ‘মনে রাখবেন, ৯ মার্চ, ২০১৫। হ্যাঁ, স্বপ্ন সত্যি হবেই যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং কখনো হাল না ছাড়েন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত