প্রবাসীদের পাশাপাশি বিমানের পাইলট, জাহাজের নাবিকসহ বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিরাও বৈধ পথে দেশে টাকা পাঠালে ২ শতাংশ নগদ সহায়তা পাবেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতদিন শুধু প্রবাসী কর্মীরাই পাঠানো আয়ের বিপরীতে ২ শতাংশ নগদ সহায়তা পাচ্ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি মিশনে (সরকার ও সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া) থাকা বাংলাদেশি কর্মকর্তারা তাদের আয়ের অর্থ বৈধ পথে দেশে পাঠালে তার ওপর নগদ সহায়তা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশি শিপিংলাইনস বা এয়ারলাইনসের বিদেশ অফিস ও বিদেশি শিপিংলাইনস বা বিদেশি এয়ারলাইনসে কর্মরত বাংলাদেশি মেরিনার বা এয়ারক্রাফট পাইলটদের আয়ও বৈধ পথে দেশে পাঠালে সেই অর্থের ওপর নগদ সহায়তা পাবেন।
চলতি অর্থবছরের বাজেটে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১০০ টাকা দেশে পাঠালে ২ টাকা প্রণোদনা পাবেন। বাজেটে এ জন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে গত ৬ আগস্ট এ বিষয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালা অনুযায়ী, ১ হাজার ৫০০ ডলারের কম আয় এলে কোনো নথিপত্র ছাড়াই প্রণোদনা পাওয়া যাবে।
