করোনার সময়ে মাসব্যাপী মেলার আয়োজনে পুলিশ

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম

দেশে নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জেলা-উপজেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজসহ জনসমাগমের বিভিন্ন আয়োজন স্থগিত বা সংক্ষিপ্ত হলেও যশোরে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী আনন্দ মেলার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি যশোরের এ মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে। 

যশোর শহরের গাড়ীখানা সড়কে পুলিশ ক্লাব মাঠে বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার।

মাসব্যাপী এ মেলায় রয়েছে অর্ধ শতাধিক স্টল ও সার্কাসের আয়োজন।

তবে এ মেলার আয়োজন সম্পর্কে কিছু জানেন না বলে জানান যশোরের জেলা প্রশাসক মো.শফিউল আরিফ ও সিভিল সার্জন শেখ আবু শাহিন।

অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, আমি নিরুৎসাহিত করেছিলাম। অল্প সময়ের মধ্যে এর সমাধান করে ফেলব। আয়োজন ছোট করে আনা হচ্ছে। 

তিনি যশোর শহরতলীর বাহাদুরপুরে আয়োজিত তাবলীগ জামাতের ইজতেমার কথা উলে­খ করে বলেন, আমরা সব ধরনের আয়োজন ছোট করার কথা বলছি। 

জেলা প্রশাসক মো.শফিউল আরিফ বলেন, মেলার আয়োজন সম্পর্কে তিনি কিছুই জানেন না। 

বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে এ প্রতিবেদককে জানান।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, মেলা আয়োজনের বিষয়ে ডিসি ও এসপি বলতে পারবেন। এ ছাড়া আমার ঊর্ধ্বতন কর্তপক্ষ আমাকে কোনো মেলা বন্ধের কথা বলেননি।

বর্তমান প্রেক্ষাপটে মাসব্যাপী একটি মেলার আয়োজন যুক্তিসঙ্গত কি না জানতে চায়লে সিভিল সার্জন বলেন, আমরা এক স্থানে অনেক জনসমাগমকে নিরুৎসাহিত করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত