চুয়াডাঙ্গায় পুরো গ্রাম ঘিরে ‘অপারেশন ড্রাগ ক্লিন’

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০১:৩৯ এএম

মাদকের গ্রাম হিসেবে পরিচিত চুয়াডাঙ্গার সীমান্তবর্তী আকুন্দবাড়িয়ায় অভিযান চালিয়েছেন র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় দুই শতাধিক সদস্য।

শনিবার বিকেলে পুরো গ্রাম ঘিরে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। এর নাম দেওয়া হয় ‘অপারেশন ড্রাগ ক্লিন’। এ সময় নারীসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এএসপি কনক কুমার দাস জানান, আকুন্দবাড়িয়া গ্রামে অভিযানের জন্য জেলার পাঁচ থানা ও ৩৭টি ক্যাম্প থেকে চৌকস পুলিশ সদস্যদের লাইনে নেওয়া হয়। সকালে তাদের ব্রিফিং করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিকেল ৪টার দিকে এ অভিযানে র‌্যাব-৬, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেন।

ঘটনাস্থলে দেখা গেছে, প্রায় ৩০টি যানবাহন নিয়ে অপারেশন ড্রাগ ক্লিন শুরু হয়েছে। এর মধ্যে আসামি বহনের জন্য রয়েছে দুটি বাস ও ৫টি প্রিজন ভ্যান। গ্রামের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান জানান, অভিযানে চিহ্নিত মাদক কারবারি রনি মিয়া, ইস্রাফিল হোসেন, নাজমা বেগম ও সেলিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা যায়নি।

পুলিশ সুপার জানান, মাদক কারবারিদের একটি বার্তা দিতেই মূলত অপারেশনটি চালানো হয়। অভিযানে গ্রেপ্তারের সংখ্যাটিকে বড় করে দেখার কিছু নেই। মাদক কারবারিদের শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত জেলাব্যাপী এ অভিযান চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত