বাবার সঙ্গে শেষ দেখা হলো না, করোনাও ধরা পড়ল না যুবকের

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৭:১৮ পিএম

বাবা মৃত্যুশয্যায়, তাকে দেখতে দেশে ফিরেছিলেন প্রবাসী যুবক। এদিকে কোরোনাভাইরাসের আতঙ্কে দেশে নেমে তিনি নিজেই গিয়েছিলেন আইসোলেশনে। এর মধ্যে মারা যায় যুবকের বাবা, পরে জানা গেল তার দেহে ভাইরাসও ধরা পড়েনি। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতে কেরালায়।

দ্য টেলিগ্রাফ জানায়, লিনো আবেল নামে ওই যুবক কাতারের দোহায় কাজ করেন। ২৯ বছরের এই যুবক পেশায় একজন ফটোগ্রাফার। 

গত সপ্তাহে তিনি অসুস্থ বাবাকে দেখতে দোহা থেকে উড়ে এসেছিলেন। তার ৭০ বছর বয়সী বাবা হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। কোচি বিমানবন্দরে কোনো ধরনের অসুস্থতা ধরা পড়েনি লিনোর। ফলে সহজেই তিনি ছাড়া পেয়ে যান।

পরবর্তীতে কোচি থেকে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে ৫০ কিলোমিটার দূরে কোত্তায়ামে নিজের বাড়িতে পাড়ি রওনা দেন তিনি। সেসময় লিনোর গলা ব্যথা এবং কাশি হয়। এতে তার ধারণা হয়, তিনি করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ফলে নিজ থেকে হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে চলে যান লিনো। একই হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা আবেল ওয়াসেফও।

আইসোলেশনে থাকায় লিনো তার বাবার সঙ্গেও দেখা করতে রাজি হননি। যদি তার থেকে করোনাভাইরাস বাবার মধ্যেও সংক্রমণ হয়ে যায়।

কিন্তু একই রাতে মারা যান আবেল ওয়াসেফ। পরবর্তীতে দেখা যায়, লিনোর শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।

নিজ থেকে আইসোলেশনে গিয়ে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছিলেন লিনো। কিন্তু বাবাকে তার শেষ দেখা হলো না বিদেশ থেকে উড়ে এসেও।

হাসপাতাল থেকে লিনো ফোনে টেলিগ্রাফকে বলেন, ‘আমি এখন হাসব কি কাঁদব, কিছুই বুঝতেছি না। গলা ব্যথা এবং কাশির জন্য আমি নিজেই আইসোলেশনে গেলাম। কিন্তু বাবার সঙ্গে শেষ দেখাটা হলো না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত