ভেজালমুক্ত ও নিরাপদ খাবার গ্রহণে সাড়ে ৩ লাখ কিশোর-কিশোরীর শপথ

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৮:১১ পিএম

পুষ্টিকর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে দেশে কিশোর-কিশোরীদের নিয়ে শুরু হওয়া বিশেষ ক্যাম্পেনে বেশ সাড়া পড়েছে। ইতিমধ্যে দেশের আট বিভাগে প্রায় তিন লাখ ৭৬ হাজার স্কুল শিক্ষার্থী নিজেদের টিফিনের টাকায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের অঙ্গিকার করেছে।

আগামী মার্চ মাস নাগাদ এই লক্ষ্যমাত্রা প্রায় ৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

রোববার গাজীপুরের মসলিন কটন মিল হাই স্কুলে ‘অফলাইন প্লেজ ইভেন্ট’ নামে ক্যাম্পেইনে এ তথ্য তুলে ধরা হয়। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমফ্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে এতে প্রায় স্থানীয় ১১ স্কুলের শিক্ষার্থীরা ‘ভালো খাবো, ভালো থাকবো’ শিরোনামে শপথ নেয়।

আলোচনাপর্বে ১১ স্কুলের প্রধান শিক্ষক কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহী ও সচেতন করেন এবং এ ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এতে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসিরে কর্মকর্তা নূরই জান্নাত। আরও বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমফ্রুভড নিউট্রিশনের (গেইন) প্রোগ্রাম অ্যাসোসিয়েট দিতিপ্রিয়া রায়, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের (এসকেএনএফ) প্রোগ্রাম ম্যানেজার তানবীর লিমন খান ও একই প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার ডা. আনিকা তাহসিন খান ও স্থানীয় স্কুলের শিক্ষকরা।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক সংস্থা ফুড সেফটি নেট সার্ভিসেস (এফএসএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ২০১৫ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ১০-১৮ বছরের কিশোরীদের মধ্যে ৩৬ শতাংশ অপুষ্টির শিকার। গেইন এর ২০১৪ সালের তথ্য অনুযায়ী ১৫-১৯ বছরের কিশোরীদের মধ্যে সাত শতাংশ অতিরিক্ত ওজন ও ৩১ শতাংশ প্রয়োজনের তুলনায় কম ওজন সম্পন্ন। তাই পুষ্টিকর, ভেজালমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে দেশে কিশোর-কিশোরীদের নিয়ে এই ব্যাতিক্রমী ক্যাম্পেইন শুরু হয়েছে।

ক্যাম্পেইনটি বাস্তবায়নে সহযোগিতায় ছিল স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন (এসকেএনএফ) ও কিশোরী ও নারীদের নিয়ে কাজ করা উদ্যোক্তা প্রতিষ্ঠান আই-সোশ্যাল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত