করোনার ফাঁদে শুটিং বন্ধ যে সব হলিউড সিনেমার

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০১:২২ পিএম

করোনাভাইরাস সংক্রমণের কারণে হলিউডের বড় বড় বাজেটের সিনেমা মুক্তি স্থগিত হয়েছে। থমকে গেছে স্টুডিওগুলো। বন্ধ রয়েছে নতুন সিনেমার শুটিং। তেমন কিছু ছবির খবর জেনে নিন।

আমাজন স্টুডিও’র ‘বার্ডস অব প্যারাডাইজ’ ও নাম ঠিক না হওয়া বুদাপেস্টে শুটিংরত একটি সিনেমা স্থগিত হয়েছে।

নিউজিল্যান্ডে স্থগিত হয়েছে জেমস ক্যামেরনের বিখ্যাত ‘অ্যাভাটার’ সিক্যুয়ালের দৃশ্যায়ন। এখানে বসন্তের মধ্যে ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তির কাজ শেষ হওয়ার কথা ছিল।

লন্ডনে স্থগিত হয়েছে লাইভ-অ্যাকশন ‘লিটল মারমেড’-এর দৃশ্যায়ন। ১৬ মার্চ সিনেমাটির ক্যামেরা ওপেন হওয়ার কথা ছিল। এ দিকে মার্ভেলের ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য রিংস’ স্থগিত হয়েছে, ছবির পরিচালক রয়েছে স্বেচ্ছা আইসোলেশনে।

ম্যাট ডেমনসহ একাধিক জনপ্রিয় তারকাকে নিয়ে রিডলি স্কট তৈরি করছেন ‘দ্য লাস্ট ডুয়েল’। শুটিং শুরুর শেষ মুহূর্তে আসে বন্ধের ঘোষণা। আরেক নামি নির্মাতা গুইলেরমো ডেল টরোর ‘নাইটমেয়ার এলাই’ পেছাতে বাধ্য হয়েছে। এই ছবিতে আছেন ব্রাডলি কুপার, কেট ব্লানচেট ও রুনি মারার মতো তারকা।

স্থগিত হয়েছে হুলুর কমেডিধর্মী ছবি ‘ভ্যাকেশন ফ্রেন্ডস’। এতে আছেন জন সিনাসহ নামি তারকারা। পিছিয়ে ‘শ্রুঙ্ক’ রিবুট ও লাইভ অ্যাকশন ‘পিটার প্যান ও ওয়েন্ডি’। এ তালিকায় আছে ডিজনি প্লাসের ‘হোম অ্যালোন’।

১৪ মার্চ থেকে বন্ধ রয়েছে সিলভাস্টার স্ট্যালোনের ‘সামারিটান’-এর কাজ। ডাউনি জনসন, গল গাডোট ও রায়ান রেনল্ডস অভিনীত নেটফ্লিক্সের ‘রেড নোটিশ’ এবং ইদ্রিস এলবা অভিনীত ‘দ্য হার্ডার দে ফল’-এর কাজ বন্ধ। ইতিমধ্যে এলবার শরীরের করোনার উপস্থিতি পাওয়া গেছে।

টম ক্রুজ অভিনীত ‘মিশন ইম্পসিবল সেভেন’-এর শুটিং স্থগিত হয়েছে। করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত ইতালিতে ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরুর কথা ছিল।

স্থগিত হয়েছে ‘সিনড্রেলা দ্য মিউজিক্যাল’, ‘দ্য ম্যান ফ্রম টরন্টো’, ‘শ্রিন’ ও ‘দ্য নাইটিঙ্গেল’।  

বিখ্যাত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের পরের শুটিং শুরুর কথা ছিল হাওয়াইয়ে। সেটাও স্থগিত। বন্ধ আছে ‘ফ্লিন্ট স্ট্রং’ ও ‘ম্যাট্রিক্স ফোর’। এলভিস প্রিসলির বায়োপিকে কাজ করতে গিয়ে অস্ট্রেলিয়ায় করোনা ধরা পড়েছে টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসনের শরীরে। এই ছবিও বন্ধ।

রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’ রিবুট আপাতত সেটে নেই। হচ্ছে না ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’ ও ‘কিং রিচার্ড’।

বড় স্টুডিও’র পাশাপাশি ইন্ডি ধারার ছবিও পড়েছে ঝুঁকিতে। যেমন; জন মাইকেল ম্যাকডোনাগের ‘দ্য ফরগিভেন’, পল শ্রেডারের ‘দ্য কার্ড কাউন্টার’, ‘অফিশিয়াল কমপিটিশন’, ‘গেছে’সহ আরও কিছু ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত