বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে কয়েকজনের দেহে এ সংক্রমণ ধরা পড়েছে। ফলে দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। তাই করোনা ঝুঁকি এড়াতে জ্বর, হাঁচি, কাশি ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
মঙ্গলবার (১৭ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এ পরামর্শের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস রোধে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে। জনসমাগম পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এ অবস্থায় করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো।’
দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্বসহকারে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইফা মহাপরিচালক আরও বলেন, ‘করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’
