করোনা প্রতিরোধে পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীরা আগামী সপ্তাহ থেকে বাসায় থেকে অফিসের কাজ করবেন। আপাতত ২৮ মার্চ পর্যন্ত কর্মীদের সুরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেবে ব্র্যাক কর্র্তৃপক্ষ।
ব্র্যাকের প্রধান কার্যালয়ে দুই হাজার কর্মী কাজ করেন। বর্তমান পরিস্থিতিতে জরুরি কাজে নিয়োজিত ছাড়া বাকিরা সবাই আজকের পর থেকে বাসায় বসে কাজ করবেন। প্রধান কার্যালয়ের বাইরে দেশব্যাপী ব্র্যাক কর্মীদের সীমিত পরিসরে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
তবে করোনা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়াতে ব্র্যাক তাদের কাজ অব্যাহত রাখবে। দেশজুড়ে ব্র্যাকের কর্মী ও স্বাস্থ্যসেবী মিলিয়ে প্রায় এক লাখ লোক এই সচেতনতা বাড়ানোর কাজ করবে। ইতিমধ্যে ব্র্যাকের সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ ও ওয়েবসাইটে করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত সব ধরনের তথ্য হালনাগাদ করা হচ্ছে। ব্র্যাকের ওয়েবসাইটে একটি আলাদা পোর্টাল খোলা হয়েছে, যেখান থেকে সবাই নির্ভরযোগ্য ও হালনাগাদকৃত তথ্য পেতে পারেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেছেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে ব্র্যাক সবসময়ই প্রস্তুত। কভিড-১৯ শনাক্তের জন্য সারা দেশে পর্যাপ্ত কিট সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
