হাসপাতালের গাফিলতি

ভালুকায় সড়কে সন্তানের জন্মদান

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১০:৪৯ পিএম

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করার ১৫ মিনিটের মাথায় সড়কে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি (২২)। ঘটনাটি ঘটে গত বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ভালুকার একটি মিলে চাকরি করেন। প্রসবব্যথা উঠলে তাকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে প্রসূতিকে দেখে জরুরি বিভাগের চিকিৎসক অমিত কুমার রায় তাকে আলট্রাসনোগ্রাম করার জন্য খোদেজা হালিম হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। এ সময় কর্তব্যরত একজন নার্স ওই ক্লিনিকে ফোন করে রোগী পাঠানোর খবর দেন এবং প্রসূতির সঙ্গে একজন নারী দালালও পাঠিয়ে দেন। এরপর আলট্রাসনোগ্রাম করে পুনরায় হাসপাতালে এলে প্রসূতিকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যেতে বলা হয়।

কোনো উপায় না দেখে স্বামী রিকশাযোগে তার স্ত্রীকে ভালুকা বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে গাড়ির খোঁজ করার সময় প্রচণ্ড ব্যথা ওঠে এবং একটি মিলের নারী শ্রমিকরা পর্দা করলে সেখানে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভালুকা থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় আবার ওই প্রসূতিকে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শামীমা আক্তার বলেন, ‘আলট্রার রিপোর্ট দেখে রোগীকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যেতে বলেছি। এটা আমার ভুল হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন মা ও নবজাতক ভালো আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত