করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সব পার্ক বন্ধ ঘোষণা করেছে। সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে বন বিভাগ। মৌলভীবাজারের কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতেপর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেন্টমার্টিনে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার সাভারের বিভিন্ন দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মহামারী রূপ নিয়েছে। বাংলাদেশেও কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতকাল বৃহস্পতিবার নতুন করে আরও তিনজন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৭ জন আক্রান্ত হলেন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় পর্যটন স্থানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে।
সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধ : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। গতকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবনে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে সাময়িক পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
খুলনায় পার্কগুলো বন্ধ ঘোষণা : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগরীর সব পার্ক বন্ধ ঘোষণা করেছে। গতকাল দুপুরে নগর ভবনে শহীদ আলতাফ মিলনাতয়নে অনুষ্ঠিত বাংলাদেশের করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় কেসিসি এলাকার জন্য গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগরের শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ শিশুপার্ক, গোলকমনি শিশুপার্ক, নিরালা শিশুপার্ক, লিনিয়ার পার্কসহ মোট সাতটি পার্ক রয়েছে।
কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা : মৌলভীবাজারের কমলগঞ্জের পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর চা-বাগান লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, আদিবাসী খাসিয়াপুঞ্জি, মণিপুরী ও চা-বাগান এলাকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এ ব্যবস্থা নিতে হয়েছে।
খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়িতে বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে দেশি পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে আপাতত ভ্রমণ থেকে বিরত থাকাই উত্তম। আর বিদেশিদের খাগড়াছড়ি ভ্রমণের অনুমতি আপাতত দিচ্ছি না।
নিষেধাজ্ঞায় পর্যটকশূন্য রাঙ্গামাটি : গতকাল জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির সব পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নির্দেশনা যদি কেউ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পর শহরের রাঙ্গামাটি পার্ক, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, ঝুলন্ত সেতু, বেরাইন্যা, বরগাং, শুভলং ঝরনাসহ জেলার বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্র ঘুরে পর্যটকশূন্য দেখা যায়। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, করোনা মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোনারগাঁয়ের দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা : করোনাভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনসহ (সোনারগাঁ জাদুঘর) উপজেলার সব দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্র্তৃপক্ষ। পরিচালক ড. আহমেদ উল্লাহ ফাউন্ডেশনের ফেইসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে সোনারগাঁ জাদুঘর বন্ধের ঘোষণা দেন। উপজেলার ঐতিহাসিক পানাম নগরী ও বাংলার তাজমহলসহ সব দর্শনীয় স্থানও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাভারের সব দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা : করোনাভাইরাস প্রতিরোধে ঢাকার সাভার উপজেলার সব পর্যটন ও বিনোদনকেন্দ্র (পার্ক), কমিউনিটি সেন্টার ও দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। গতকাল বিকেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশে সাভারের ইউএনওর ফেইসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে এ নৌরুটে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন দেশ রূপান্তরের খুলনার নিজস্ব প্রতিবেদক, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, সাভার প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, রাঙ্গামাটি প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, খাগড়াছড়ি প্রতিনিধি ও উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
