দেশে ফিরে হোম কোয়ারেন্টাইন না মানায় সিলেটে যুক্তরাজ্যফেরত ৩ প্রবাসীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার জেলার গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ইউএনও মামুনুর রহমান জানান, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলায় গতকাল সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে রনকেনি গ্রামের কিছুদিন আগে দেশে ফেরা এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বাড়ির উঠানে ঘোরাঘুরি করছেন। পুলিশ দেখে তিনি দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ঘিরে রেখে বিষয়টি বুঝিয়ে বলা হয় এবং কোয়ারেন্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার দাড়িপাতন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের ১১ জন সদস্য গত বুধবার দেশে এসেছেন। তারা সবাই হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে আড্ডা-ঘোরাঘুরি করছিলেন। এই পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া লামা দক্ষিণখান গ্রামের আরেক যুক্তরাজ্যপ্রবাসীকে একই কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও জানান, হোম কোয়ারেন্টাইন মেনে চলার ব্যাপারে নানাভাবে প্রচার চালানো হচ্ছে। লোকজনকে পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরও যারা নিয়ম মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
