প্রয়োজনে ‘বিনা পারিশ্রমিকে’ খেলবেন উইলিয়ান

আপডেট : ২২ মার্চ ২০২০, ১২:৩২ এএম

বন্ধুর জন্য বন্ধু, উপকারীর উপকার করা বা কৃতজ্ঞতা ব্যাপারগুলো ব্রাজিল তারকা উইলিয়ানের ভালোই জানা আছে। তাই চেলসির প্রতি পূর্ণ কৃতজ্ঞতাস্বরূপ প্রয়োজনে বিনা বেতনে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। ব্যাপারটি বর্তমান অবস্থার কারণে। আসলে এই মৌসুমেই চেলসিতে উইলিয়ানের শেষ সময়। জুলাই থেকে উইলিয়ানের জন্য স্টামফোর্ড ব্রিজ হয়ে যাবে সবুজ অতীত। সেই জুলাই আসতে বাকি আর তিন মাস। এদিকে করোনাভাইরাসের জন্য খেলাই বন্ধ। এখন তাহলে বেতন-ভাতার কী হবে? উইলিয়ান কি বাকি তিন মাস না থেকেই বেতন নেবেন? এখানেই ব্রাজিল তারকা দেখালেন তার উদারতা। জানালেন চেলসির হয়ে মৌসুম শেষ করাই তার লক্ষ্য। প্রয়োজনে বিনা বেতনে।

শুধু উইলিয়ান নন, বিশ্বজুড়ে অনেক ফুটবলারের তার বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে। সব ফুটবলারই এখন একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে। একে তো লিগ হচ্ছে না, তার ওপর তাদের চুক্তি জুন পর্যন্ত। জুনে লিগ নতুন করে শুরু হলে বর্তমান চুক্তি থাকবে কি না সেটা কেউই জানে না। এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। কিন্তু উইলিয়ান এতকিছু ভাবছেন না। চেলসির সঙ্গে হাসিমুখে শেষ চান তিনি। ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল ‘স্পোর্ট ইন্টারাটিভো’কে ইংল্যান্ডে নিজের ঘর থেকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে উইলিয়ান বলেন, ‘আমি শুধু এই মৌসুম শেষ করতে চাইছি পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে। চেলসি আমাকে অনেক দিয়েছে। ২০১৩ থেকে তারা আমাকে আগলে রেখেছে। আমি সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। ভবিষ্যতে কী হবে সেটা ভাবছি না। আমি বরাবরের মতো দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত এবং বাকি সময়টুকুতেও দেব। তবে ব্যাপারটি এখন কঠিন, কারণ মাঠে নামতে পারছি না। পারিশ্রমিক নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে যদি এমন হয় যে বিনা পারিশ্রমিকে খেলতে হবে তাতেও আমি রাজি আছি।’

ইউরোপের লিগগুলোর জন্য উয়েফা তাদের টুর্নামেন্ট পিছিয়ে দিয়েছে। এ বছর না হয়ে আগামী বছর হবে ইউরো। সব মৌসুম শেষ করার জন্য ৩০ জুন সময় ধরেছে উয়েফা। যে সময়টাতে ফুটবলার-ক্লাব বর্তমান চুক্তি শেষ হবে। তবে বিশেষ প্রয়োজনে ৩১ জুলাই পর্যন্ত লিগের সময় বাড়তে পারে। সেক্ষেত্রে চুক্তিগুলোর সময়ও এক মাস বাড়বে। এ বিষয়টা সব ফুটবলারের জন্যও এখন মানবতার দিক থেকে চিন্তা করার প্রশ্নের সামনে। চুক্তি অনুযায়ী ক্লাব চাইলেও কোনো ফুটবলারকে এক মাস বেশি খেলাতে পারবে না, নতুন চুক্তি করা ছাড়া। চুক্তিপত্রেই এসব লেখা আছে। তবে ফুটবলার নিজে যদি রাজি থাকেন মৌখিক চুক্তিতে খেলতে সেটা ভিন্ন বিষয়। উদ্ভূত পরিস্থিতিতে চুক্তির মেয়াদ বেড়ে গেলে এই আশাই করা হচ্ছে।

এছাড়া যদি চুক্তি নিয়ে এমন দোটানা থাকে তাহলে খেলা মাঠে ফিরলে ফুটবলাররা সেরাটা  দেবেন কি না সে প্রশ্নও উঠছে। বিষয়টি আরও জটিল হয়ে যাচ্ছে, খেলা বন্ধের সময় যদি কোনো ফুটবলার অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলেন। তাহলে জুনের পর খেলা মাঠে ফিরলে ওই ফুটবলার কোন ক্লাবের হয়ে খেলবেন? আইনগতভাবে ওই ফুটবলার চুক্তির সময় শেষেই নতুন চুক্তি করেছেন। কিন্তু আগের ক্লাবের সঙ্গে মার্চ থেকে বাকি সময়টুকু তো তিনি থাকেননি। এই বিষয়টি নিয়ে উয়েফা ও ইউরোপিয়ান লিগগুলোকে বেশ মাথা ঘামাতে হবে।

তবে উইলিয়ানের দিক থেকে কোনো কর্র্তৃপক্ষকেই কোনো সমস্যায় পড়তে হবে না। কারণ ব্রাজিল অ্যাটাকিং মিডফিল্ডার ঘোষণা দিয়ে রেখেছেন প্রয়োজনে চেলসির প্রতি ভালোবাসাস্বরূপ নতুন চুক্তি পিছিয়ে দেবেন। জানালেন, ‘চেলসির প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তারা গত সাত বছর আমাকে সব দিয়েছে। আমার কোনো অভিযোগ নেই। তাই এই ক্লাবটির জন্য আমি যেকোনো কিছু করব। প্রয়োজনে ফ্রি খেলব এটা বলেছি, সঙ্গে নতুন চুক্তিও অপেক্ষা করতে পারে। কিন্তু আমি মৌসুম শেষ করব চেলসিতেই এবং শীর্ষ চারে নিজেদের দেখতে চাই।’

চেলসির কালাম হাডসন-ওদোই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরো চেলসি দল এখন কোয়ারেন্টাইনে। উইলিয়ানও ব্যতিক্রম নন। তার সম্পর্কে একটি রিপোর্ট এসেছে যে, কোয়ারেন্টাইন শুরুর দিন থেকেই ৩১ বছর বয়সী তারকা ব্রাজিলে ফেরার কথা চিন্তা করছিলেন। বন্ধের সময়টায় নিজের পরিবারকে সময় দিতে বারবার চেলসির কাছে অনুমতি চেয়েছেন। তবে ব্লুজদের হয়ে ২২৬ ম্যাচে ৩৩ গোল করা এই মিডফিল্ডার অনুমতি পেয়েছেন কি না সেটা এখনো অজানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত