করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুজন ও ইতালিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিউইয়র্কের দুজনই কুইন্সের বাসিন্দা ছিলেন। এস্টোরিয়া এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব একজন গত বৃহস্পতিবার রাতে মারা যান। হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর কুইন্সের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। অন্যজন কুইন্সের উডসাইডের বাসিন্দা ছিলেন। পেশায় গ্রিন ক্যাবের চালক ছিলেন। তার বয়স ৫০ বছর। এনওয়াইপিডি কর্মকর্তা খান শওকত তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। করোনাভাইরাস এখন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক বাংলাদেশির এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর লোকমুখে
শোনা গেলেও ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।
এদিকে ইতালির মিলানে গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক বাংলাদেশি। পাসপোর্টের তথ্য অনুযায়ী তার বয়স ৫০ হলেও ঘনিষ্ঠজনরা জানান, প্রায় ৬০ বছর বয়সী ছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির ঘনিষ্ঠ একজন জানান, এ মাসের প্রথম দিকে জ্বর হলে সাধারণ ফ্লু মনে করে চিকিৎসা নেওয়া শুরু করেন ওই ব্যক্তি। কিন্তু তেমন উন্নতি হয়নি। বরং ১১ মার্চ দুপুরে শরীরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বাসার মেঝেতে পড়ে যান। এ সময় তার বাসায় থাকা আরেক বাংলাদেশি অ্যাম্বুলেন্স ডেকে মিলান নিগুয়ারদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
