করোনাভাইরাসে এলোমেলো বিশ্ব। থেমে গেছে খেলাধুলার সব ইভেন্ট। ইউরোপের অধিকাংশ খেলোয়াড়দের মতো হোম কোয়ারেন্টাইনে সময় কাটছে জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিজের বাচ্চাদের সুরক্ষার জন্যও কাজ করছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের তিন শিশু সন্তানকে ভালোভাবে হাত পরিষ্কার করা শেখাচ্ছেন রোনালদো। সন্তানদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দিচ্ছেন তারকা এই ফুটবলার। এরপর তাদের হাত ঘষতে বলছেন। বাবার নির্দেশনায় সাড়া দিয়েছেন ছেলে মাতেও, দুই কন্যা আলানা ও ইভা।
বাচ্চাদের হাত ঘষা শেষে রোনালদো ‘থাম্বস আপ’ দেখিয়ে জানিয়ে বাচ্চাদের বলেন, “বেশ ভালো করেছ, তোমরা।”
৩৫ বছর বয়সী রোনালদো চার সন্তানের বাবা। তার প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স ১০ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই বাচ্চার মায়ের নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রেই সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের (কন্যা ইভা ও ছেলে মাতেও) বাবা হন রোনালদো। একই বছরের নভেম্বরে চতুর্থ সন্তানের বাবা হন তিনি। আলানা মার্টিনা নামের কন্যা সন্তানটি জন্ম নেয় রোনালদোর বাগ্দত্তা জর্জিনা রদ্রিগেসের গর্ভে।
করোনাভাইরাসে সবচেয়ে আক্রান্ত হয়েছে ইতালি। এর মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্তাসে রোনালদোর তিন সতীর্থ দানিয়েলে রুগানি, ব্লেইস মাতুইদি ও পাওলো দিবালা। এমন অবস্থায় পর্তুগালের মাদেইরাতে নিজ বাড়িতে অবস্থান করছেন রোনালদো।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৭৯৩ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪,৮০০ জন ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার।
