যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত ৭ হাজার ৩০১ জন। সব মিলিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় আরও ৮৪ জনের মৃত্যু নিয়ে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এ মারা গেছে মোট ৩৪০ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচ নাগরিকের মধ্যে অন্তত একজনকে বাসায় থাকতে (কোয়ারেন্টাইন) বলা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে ইতিমধ্যেই দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।
করোনা সংকটের কারণে আগেই লকডাউন করা হয়েছিল ইলিনয় ও ক্যালিফোর্নিয়া। গত শুক্রবার এ তালিকায় যোগ হয়েছে কানেক্টিকাট, নিউ জার্সিও। এসব এলাকার বাসিন্দাদের অতিজরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপ্রয়োজনীয় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে নিউইয়র্ক। করোনার সংক্রমণ প্রতিরোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে। এদিন হোয়াইট হাউজে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটির সব গভর্নর, মেয়র ও জনগণ একসঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন।
