করোনার ঝুঁকি নিয়ে গতকাল সোমবার দুপুরে কৃষি ব্যাংকের সোনারগাঁ উপজেলার মহজমপুর শাখায় দুই শতাধিক মানুষকে লাইনে দাঁড়িয়ে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে দেখা গেছে। এ সময় তাদের কারও মুখেই মাস্ক ছিল না। ব্যাংকের পক্ষ থেকে রাখা হয়নি হাত ধোয়ার কোনো ব্যবস্থা।
সরেজমিন দেখে যায়, সকাল ৯টা থেকে ব্যাংকের নিচে এসে ভিড় করেন দুই শতাধিক বয়স্ক মানুষ। অল্প জায়গায় গাদাগাদি করে তারা বসে থাকলেও কারোই মুখে ছিল না মাস্ক। দুপুর ১২টার দিকে ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেন ব্যাংক কর্মকর্তারা। নুরজাহান বেগম (৭০) বলেন, ‘সকাল ৯টা থেকে বসে আছি। কখন টাকা পাব জানি না। প্রতিবার টাকা নিতে সকালে এলে বিকেলে যেতে হয়। দুপুরে না খেয়ে থাকতে হয়।’ করোনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব আমি কিছুই জানি না।’
কৃষি ব্যাংক মহজপুর শাখার ম্যানেজার হায়দার আলী জানান, এখানে ভাতা নিতে আসা সবার বই জমা নেওয়া হয়েছে। আশা করছি, ২টার মধ্যে কাজ শেষ হবে। করোনা সংক্রমণরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি।
