কুমিল্লার চৌদ্দগ্রামের সড়কে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত একজন বৃদ্ধের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহত মো. পেয়ার আহমেদ (৪২) উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা; মো. বাহার (৪০) একই ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
গুরুতর আহত শেখ আহমেদ (৬৫) চিওড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে মারত্মক আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পেয়ার আহমেদ ও বাহারকে মৃত বলে ঘোষণা করেন। গুরুত্বর আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
উপজেলার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
