নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় একটি ছয়তলা ভবনের পাইলিং করার সময় লোহার বোরিং পাইপ পড়ে আবু হুরায়রা (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পোলার বেকারি মালিকের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তারাকান্দা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেকারি মালিক আব্দুস সালাম শেলুর ছয়তলা ভবনের পাইলিং কাজ শুরু হয় ২০/২৫ দিন আগে।
প্রতিদিনের মতো কাজ করার সময় পাইলিংয়ের লোহার একটি বোরিং পাইপ শ্রমিক আবু হুরায়রার ওপর পড়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশকুমার দেব তাকে মৃত ঘোষণা করেন।
বেকারি মালিক জানান, গত ২০ থেকে ২৫ দিন পূর্বে ঠিকাদারের কাছে কাজটি চুক্তিতে দিয়ে দেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন। এসে দেখেন আবু হুরায়রা মারা গেছেন।
এ ব্যাপারে নেত্রকোনার মডেল থানার ডিউটি অফিসার এসআই বিল্লাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি।
