করোনাভাইরাসের কারণে পুরো ভারত জুড়ে চলছে লকডাউন। খেলাধুলার তো প্রশ্নই ওঠে না। এ অবস্থায় কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন কেন্দ্র করতে প্রস্তাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইলে ইডেনকে চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারেন। বোর্ডের এ ক্ষেত্রে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ।
সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, ‘যদি সরকার চায় তা হলে আমরা নিশ্চিতভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনো সমস্যা নেই।’
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, ‘আমার শহরকে এমনভাবে দেখার কথা কখনো ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।’
