নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এক বছর আগে একটি মসজিদে বন্দুক হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ব্রেন্টন টারান্ট। এ ঘটনায় দেশটির আদালত গতকাল বৃহস্পতিবার টারান্টকে দোষী সাব্যস্ত করেছে বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
পাশাপাশি অন্য আরেকটি মসজিদে হামলা চালিয়ে ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগও স্বীকার করেন তিনি। যদিও এর আগে ওই অভিযোগ দুটি বরাবরই অস্বীকার করে আসছিলেন ২৯ বছর বয়সী টারান্ট।
খবরে বলা হয়, আরও আগে থেকেই বৃহস্পতিবার আদালতের শুনানির দিন ধার্য ছিল। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পুরো নিউজিল্যান্ডই লকডাউনে থাকায় ওই শুনানিতে জনসাধারণের কাউকে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানিতে হাজির হয়েছিলেন কারাগারে থাকা টারান্ট ও তার আইনজীবী। টারান্টের বিরুদ্ধে আনা ৯২টি অভিযোগের প্রতিটিতেই দোষী সাব্যস্ত করে দন্ড প্রদান করা হবে বলে জানিয়েছে আদালত। তবে তা কবে নাগাদ করা হবে, সেটি এখনো নির্ধারণ হয়নি।
গত বছরের ১৫ মার্চ স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভারী অস্ত্র নিয়ে মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালায় টারান্ট। এতে ৫১ জন নিহত হন। আহত হন ৪০ জন। হামলার সেই দৃশ্য সরাসরি ফেইসবুকে সম্প্রচারও করেন টারান্ট।
