বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া এক চিঠিতে ইমরান খান বলেন, ‘পাকিস্তানের জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
ইমরান খান বলেন, পাকিস্তান পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী। শান্তি ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের অভিন্ন আকাক্সক্ষা রয়েছে। আগামী দিনগুলোতে সহযোগিতা জোরদারের মাধ্যমে এ আকাক্সক্ষা দৃঢ় বাস্তব ভিত্তির ওপর দাঁড় করাতে পারি। বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সার্ক মহাসচিবের : বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সার্ক মহাসচিব ইসালা রুবান বিরাকুন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে সার্ক মহাসচিব বলেন, সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) সচিবালয়ের পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ, সরকার এবং আপনাকে উষ্ণ শুভেচ্ছা জানাতে পেরে সম্মানিত বোধ করছি। মহাসচিব আরও বলেন, আনন্দঘন এই দিনে আমরা বাংলাদেশের জনগণের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানাচ্ছি। রুবান বিরাকুন বলেন, সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, তিনটি সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ সরকার সার্ক প্রক্রিয়াকে ব্যাপকভাবে সমৃদ্ধ ও গতিশীল করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থিত সার্ক এগ্রিকালচারাল সেন্টার ও সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (এসএআরএসও) আঞ্চলিক সহযোগিতা জোরদারে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, সার্ক সনদের লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। সার্কের ১৪তম মহাসচিব মনোনয়নে দ্রুত অনুমোদন দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে সার্ককে গতিশীল ও জোরদার করতে আপনার যে জ্ঞান ও প্রজ্ঞা তা থেকে শিক্ষাগ্রহণ এবং আপনার প্রতি শ্রদ্ধা জানাতে আমি অদূর ভবিষ্যতে ঢাকা সফরের অপেক্ষায় রয়েছি।’ বাসস
