কোয়ারেন্টাইনে থাকা ক্যানসার আক্রান্ত এক নারীর মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৬:৩৬ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ক্যানসার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই নারী মারা যান। তিনি কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা উত্তরপাড়ার মালাকার বাড়ির সুরেশ বিশ্বাসের স্ত্রী। সম্প্রতি ওই নারী ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং ১০ মার্চ বাড়ি ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

স্থানীয় সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার জানিয়েছেন, ওই নারী ক্যানসার আক্রান্ত ছিলেন এবং ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের চিকিৎসকরা তার অবস্থা ভালো না বলে জানিয়ে দিয়েছিলেন বলেও তিনি জানান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং তিনি নিশ্চিত করে বলতে পারছেন না ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ কী। তিনি জানান, অধিকতর সুরক্ষার জন্য পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, তিনি খবরটি শুনেছেন। এ বিষয়ে তিনি আইইডিসিআরের সঙ্গে কথা বলবেন। সিভিল সার্জন আরও জানিয়েছেন, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনসহ ৫৭৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত