সৌরভের জীবনের শুরুতেও শচীন, শেষেও শচীন

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৬:১৯ পিএম

সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। শুধু ভারতীয় ক্রিকেট কেন, বিশ্ব ক্রিকেটেই এই দুজন নিজেদের আলাদা অবস্থান তৈরি করে গেছেন। দুজনের জুটিটাও তো ক্রিকেট রোমান্টিসিজমের কত গল্প উপহার দিয়ে গেছে!

খেলোয়াড়ি জীবন শেষ করেছেন সেই কবে, তবে দুজনে বন্ধুত্ব এখনো অমলিন। সৌরভ-শচীনের বন্ধুত্বের অনেক গল্পই তো ভক্তদের জানা। কিন্তু একটা গল্প আপনাকে অবাকই করবে।

প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ- দুটিতেই ব্যাটিংয়ে নেমে নন স্ট্রাইক প্রান্তে বন্ধু শচীনকেই পেয়েছেন সৌরভ। এ কী শুধুই কাকতাল? নাকি স্বয়ং ক্রিকেট বিধাতাই দুই বন্ধুর গল্পটা এভাবে লিখেছেন!

সৌরভ-শচীন জুটি প্রতিপক্ষ বোলারদের নিয়ে কী ছেলেখেলাই না খেলতেন। ক্রিকেটের সবচেয়ে ধ্বংসাত্মক জুটির মধ্যে গণ্য করা হয় যাদের। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে।

দুজন একসঙ্গে ১৩৬ ওয়ানডে ম্যাচে ওপেন করেছেন। ৪৮ গড়ে করেছেন ৬৬০৯ রান। দুজনের ২১টি একশউর্ধ্ব জুটি, পঞ্চাশোর্ধ্ব জুটি ২৩টি।

সৌরভের তিন বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল শচীনের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু শচীনের। সৌরভের শুরুর ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে।

ব্রিজবেনে অনুষ্ঠিত সেই ম্যাচে সৌরভ ছয় নম্বরে ব্যাট করতে নামেন। অন্য প্রান্তে তখন শচীন। অভিষেক ম্যাচে ৩ রান করেই ফিরেছিলেন সৌরভ।

সৌরভ জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৮ সালে। নাগপুরে অনুষ্ঠিত সেই টেস্টেও প্রথম ইনিংসে যখন ব্যাটিংয়ে নামেন সৌরভ, অন্য প্রান্তে ছিলেন শচীন। শুধু প্রথম ইনিংস নয়, দ্বিতীয় ইনিংসেও ছিল একই চিত্র!

ভারতের হয়ে ১১৩ টেস্টে ৭২১২ রান ও ৩১১ ওয়ানডেতে ১১৩৬৩ রান সৌরভের। শচীন ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টিতে করেছেন যথাক্রমে ১৫৯২১, ১৮৪২৬ ও ১০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত