কোভিড ১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ঘরবন্দী (হোম কোয়ারেন্টাইনে) মানসিকভাবে সচল থাকার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে বেগম আর্টের আয়োজনে একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সারা দেশ থেকে যে কোন বয়সের শিল্পীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবেন। দর্শকদের পছন্দ ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা শিল্পিকে ২০,০০০ টাকা দিয়ে সম্মানিত করা হবে। বিচারকের দায়িত্ব পালন করবেন সুফি শিল্পী ও কবি রনি আহম্মেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী। বেগম আর্ট এই আয়োজন আজানগাছি সুফি মুফতি সাহেবকে উৎসর্গ করেছে।
বেগম আর্টের পরিচালক শায়লা সিমি বলেন, ‘এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত শিল্পকর্ম অনলাইনে জমা নেয়া হবে Begum Art ফেসবুক ভিত্তিক পেজে। অংশগ্রহণের নিয়ম হলো পেজটি লাইক দিয়ে, শিল্পকর্মের ছবি পোস্ট করতে হবে। সেখানে কাজের শিরোনাম, মিডিয়াম এবং কাজের মাপ অথবা ফরম্যাট উল্লেখ করতে হবে। পয়লা বৈশাখে ফলাফল ঘোষণা করা হবে। এই আয়োজনে সহযোগিতার জন্য শিল্পপতি ও শিল্পবোদ্ধা শিল্পপতি জনাব মোহাম্মাদ মহসিন'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোয়ারেন্টাইনের দিনগুলি কাটুক দোয়া ও সৃষ্টিশীলতায়।’
