বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহায়তা দিচ্ছেন সুনামগঞ্জের ডিসি-মেয়র

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০১:০৮ পিএম

সুনামগঞ্জে করোনাভাইরাসের কারণে ঘরে থাকা নিম্নআয়ের মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক ও পৌর মেয়র।

শনিবার রাতে সুনামগঞ্জ পৌরশহরের ইকবাল নগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা শ্রমজীবী পরিবারের মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেন জেলা মোহাম্মদ আব্দুল আহাদ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এ সময় শ্রমজীবী প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু খাদ্য সহায়তা প্রদান করেন তারা।

পৌর মেয়র নাদের বখন জানান, বৈশ্বিক এ মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থাকতে বলেছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে থাকা এসব খেটে খাওয়া মানুষজনদের ঘরে ঘরে গিয়ে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশেই সামাজিক দূরত্ব বজায় রাখতে শ্রমজীবী এসব মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। প্রতিদিনই রাতে নিম্ন আয়ের এসব পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ দেশ রূপান্তরকে জানান, করোনা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে পৌরসভাকে ১০ মেট্রিক টন চাল, খাবার ও নগদ টাকা প্রদান করা হয়েছে। আর এসব খাদ্য সহায়তা শ্রমজীবী পরিবারের কাছে রাতে বাড়ি বাড়ি গিয়ে হস্তান্তর করার কারণে জনসমাগম হচ্ছে না এবং প্রকৃত নিম্ন আয়ের মানুষজন পাচ্ছে। পুরো জেলায় কোনো শ্রমজীবী মানুষই যাতে এ সহায়তা থেকে বাদ না পড়ে সেজন্য কাজ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত