করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত থেকে এই অনুদানের চেক হস্তান্তর করেন। সেনাবহিনী ছাড়াও ত্রাণ তহবিলে নৌবাহিনী ৪ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৩৩৩, বিমানবাহিনী ১ কোটি ২০ লাখ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ১ কোটি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১ কোটি টাকা অনুদান দেয়।
প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গণভবন প্রান্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও অ্যাসোসিয়েশনের মহাসচিব, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ নিজ নিজ বাহিনীর পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন।
