করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সাধারণ ও সাপ্তাহিক ছুটির সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সব অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল রবিবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এ সময়ে তাদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
