সরকারের উদাসীনতায় দেশে করোনার তীব্রতা বেড়েছে : ফখরুল

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০১:০৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস আজ মহামারী আকার ধারণ করেছে। সরকার উদাসীন না থাকলে এ দেশে এর তীব্রতা হয়তো এত প্রকট হতো না। বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে প্রবাসী বাংলাদেশিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের মর্মান্তিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

দলের সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সরকারের সমন্বিত উদ্যোগে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ‘লকডাউন’, ‘কোয়ারেন্টাইন’ কিংবা ‘সেলফ আইসোলেশন’ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভবপর নয়।”

তিনি বলেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতায় বিশ্ববাসী এখন সীমাহীন আতঙ্কে দিন অতিবাহিত করছেন। প্রতি মুহূর্তে নতুন আক্রান্ত আর লাশের সারি যেন লম্বা হয়েই যাচ্ছে। লকডাউন, আইসোলেশন, সেলফ কোয়ারেন্টাইনে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।’

বর্তমান পরিস্থিতি একটি বৈশ্বিক সমস্যা ও সব রাষ্ট্রের জন্য জাতীয় সংকট উল্লেখ করে সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘করোনাভাইরাসের আগ্রাসী ছোবল থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা চাইছি। পাশাপাশি এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের অগণিত মৃত্যুবরণকারীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত