করোনাভাইরাস থেকে মুক্তির জন্য নারায়ণগঞ্জের সকল মুসলিমদের গণ তওবা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ঘরে বসেই সকলকে এ তওবা ও মোনাজাতে শরিক হতে আহ্বান করা হয়েছে।
সোমবার রাত ৯ টায় ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের খতিব ও জেলা হেফাজতের আমির মাওলানা আবদুল আওয়াল এ তওবা ও মোনাজাত পরিচালনা করবেন।
এটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি প্রতিটি এলাকার মসজিদের মাইকে এক সঙ্গে একই সময়ে প্রচারিত হবে।
প্রতিটি ঘর থেকেই এ মোনাজাতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং কোনোভাবেই কারও ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। শুধুমাত্র মসজিদের মাইক ব্যবহার হলেও মসজিদ থেকে দোয়া পরিচালনা হবে। মসজিদে মুসল্লিদের অবস্থানের প্রয়োজন নেই।
নারায়ণগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান দেশ রূপান্তরকে জানান, আমরা প্রতিটি মসজিদের মাইকে এ তওবা ও মোনাজাত প্রচার করব। পাশাপাশি অনলাইনেও এটি প্রচার হবে ঠিক রাত ৯টা থেকে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সকল মুসলিম ভাই বোনদের আহ্বান জানাচ্ছি এ দোয়ায় শরিক হতে। সকলেই তাদের ঘরে অবস্থান করবেন এ জন্য কেউ মসজিদে আসবেন না।
তিনি জানান, প্রতিটি ঘর থেকে আমিন আমিন ধ্বনিতে পুরো নারায়ণগঞ্জ ধ্বনিত হবে এটিই আমরা প্রত্যাশা করি। আশা করছি আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারব এই করোনা দূর করতে।
