করোনাভাইরাস থেকে সৃষ্ট কভিড-১৯ সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলমান থাকলে শিক্ষার্থীরা সামনে সেশনজটসহ একাডেমিক সমস্যার সম্মুখীন হতে পারে।
তবে এ সমস্যা মোকাবিলায় অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী দু’একদিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক তা আমরা কোনোভাবেই চাই না। ইউজিসির নির্দেশনা অনুসারে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তিনি আরও বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের দেওয়া হয়েছে। অনলাইনে শিক্ষা কার্যক্রমের বিষয়টি সমন্বয় করছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, আমরা বিষয়গুলো নিয়ে এর আগে পরীক্ষামূলকভাবে কাজ করেছি। আমরা আশাবাদী বিষয়টি সফলতার সাথেই কাজ করবে।
