কবীর সুমনের কবিতা 'করোনাসকালে বিরহ'

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০২:৪৭ পিএম

ভারত জুড়ে চলছে লকডাউন। করোনাজনিত এই সংকটকালে পশ্চিমবঙ্গের  গায়ক, গীতিকার ও অভিনেতা কবীর সুমন লিখলেন কবিতা, শিরোনাম 'করোনাসকালে বিরহ'। তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভক্তদের জন্য।

মঙ্গলবার দুপুরে কবিতাটি পোস্ট করেন কবীর সুমন। লাইক, কমেন্ট ও শেয়ার দেখে বোঝা যাচ্ছে লেখাটি ভক্তরা বেশ পছন্দ করেছেন।

কবিতাটি তুলে ধরা হলো-

করোনাসকালে বিরহ 

 

এক বিছানায় রাত কাটাইনি আমরা

কাটালেই চুমু খেতে হত বাসিমুখে

চিনিহীন মুখশুদ্ধির স্টক শেষ

দূরে থাকো প্রিয়া

করোনাবিরহ বুকে।

 

জানোই তো আমি

বেসরম বুর্জোয়া

দাঁত মেজে তবে চুমুর গন্ধ শুঁকি

পেপারমিন্টে খুঁজি নিঃশ্বাস ধোয়া

অতীতে যা ছিল বাংলার হরতুকি।

 

রক্তে চিনির ভাগ বেড়ে গেছে প্রিয়া

চিনিহীন মিন্ট অগত্যা করি খোঁজ

Amazon ডট ইন বড় মরমিয়া

লকডাউনের ধাক্কা খাচ্ছি রোজ।

 

তুমি কাছে নেই হরিণচোখের চিতা

অতএব আমি কারুর খাবার নই

সুধীন্দ্রনাথ দত্তর তুমি মিতা

একদিন আমি তাঁর মত লিখবই।।

* কবিতার বানান অপরিবর্তিত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত