গেন্দা ফুল: বিতর্কের মুখে রতন কাহারকে খুঁজছেন বাদশা

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১০:০১ এএম

‘গেন্দা ফুল’ নামে অতি পরিচিত বাংলা গান রিমিক্স করে ভালোই ফর্মে আছেন বাদশা। তবে গীতিকার রতন কাহারকে অবহেলা করে সমালোচনায়ও পড়ছেন। এবার গীতিকারকে খুঁজছেন মুম্বাইয়ের এই গায়ক।

এই গানে আরও কণ্ঠ দিয়েছেন পায়েল দেব। মডেল হয়েছে বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজ।

গানটি নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পর বাদশা বললেন, যতটা সম্ভব, এই গানের স্রষ্টা রতন কাহারকে তিনি সাহায্য করবেন।

এ দিকে অভিমানে রতন কাহার বলেন, “‍আমাকে মনে রাখেনি তো কী হয়েছে। আমরা গানটা তো আবার জেগে উঠল। অভাব-অনটন নিয়েই চলে যাব। তবুও প্রতিদানে কিছু চাইব না। এটা আমার স্বভাব বলতে পারেন।”

গানটি এতদিন ‌‘বড়লোকের বিটি লো’ নামেই পরিচিত ছিল। ‘গেন্দা ফুল’ নামেই ভিডিও প্রকাশ হতেই তুমুল হইচই শুরু হয়। রাতারাতি পেয়ে যায় লাখ লাখ ভিউ।

বিতর্ক নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে বাদশা লেখেন, তিনি একে বাংলার অন্যান্য লোকগানের মতো ‘প্রচলিত’ হিসেবেই জানতেন। কারণ কেউ তাকে বলেননি রতন কাহারের নাম। এর সত্যতা আছে। গানটি যখন ১৯৭০ এর দশকে রেকর্ডে প্রকাশ করেন স্বপ্না চক্রবর্তী, তখনও তিনি রতনের নাম নেননি। আরও অনেক গায়ক তার কাছ থেকে গান নিলেও প্রাপ্য সম্মান দেননি।

বাদশা জানান, লকডাউনের কারণে ভারতের যোগাযোগ ব্যবস্থা অচল। তিনি যতটা দ্রুত সম্ভব রতন কাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন। এ ব্যাপারে অন্যদের সাহায্যও চান। গীতিকারের কোনো মুখপাত্র থাকলে যেন তার সঙ্গে যোগাযোগ করেন- এই আবদার জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত